৩০ নভেম্বরের মধ্যে বসাতে হবে ডিজিটাল সেট টপ বক্স
টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে ডিশ ক্যাবল গ্রাহকদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপন করতে বলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক অপারেটরদের প্রতি এ বার্তা দিয়ে বলা হয়েছে এই নির্দেশনা পালন না করলে ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ থেকে পাঠানো এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে ডিশ ক্যাবল গ্রাহকদেরকে এ সময়ের মধ্যে ক্যাবল/ফিড অপারেটরের সহযোগিতায় এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রসঙ্গত, বিদেশি চ্যানেলে ক্লিন ফিড (বিজ্ঞাপনবিহীন) সম্প্রচার বাস্তবায়নের পর ক্যাবল অপারেটিং সিস্টেমকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই উদ্যোগ বাস্তবায়নে গত রোববার এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এবং কেবল ডিস্ট্রিবিউটর ও অপারেটরদের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই বৈঠকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা-চট্টগ্রামের শহরাঞ্চলে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।